ফেনীর ফুলগাজী উপজেলায় পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৪১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে ২৪টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুরাতন মুন্সিরহাট-ফতেপুর সড়কের মাথা এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম (৫০) ও ইমরান হোসেন (৩৫) কে আটক করা হয়। গ্রেপ্তার ইব্রাহিম দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. মোস্তফার ছেলে। অপরদিকে ইমরান হোসেন আমজাদহাট এলাকার উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা এবং সেরাজুল হকের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে ইব্রাহিমের বিরুদ্ধে ফুলগাজী থানায় ২৪টি মাদক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে বিচারাধীন এবং কয়েকটিতে তিনি সাজাও ভোগ করেছেন। এছাড়া ইমরানের বিরুদ্ধে দুটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, "মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"