সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য প্রকাশ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করে। এ লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা ইন্টারপোলের কাছে আবেদন করে।

তিনি জানান, ২০২৫ সালের ১১ এপ্রিল এনসিবি ঢাকার পাঠানো আবেদনের ভিত্তিতে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। পরে ওই রেড নোটিশের আলোকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে তাকে গ্রেপ্তারের অনুরোধ জানানো হয়।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক ঊর্ধ্বতন কর্মকর্তাও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পাসপোর্ট জালিয়াতির একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, বর্তমানে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। তবে কবে নাগাদ তাকে দেশে আনা সম্ভব হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারসহ একাধিক অভিযোগে তদন্ত এবং মামলা চলমান রয়েছে। এসব অভিযোগ সামনে আসার পর তিনি দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।