নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের চাচাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৩ জুন) রাতে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আশিক ও আরিফ। তারা সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে আপন ভাই। আহত হয়েছেন তাদের চাচাতো ভাই শাওন।

স্থানীয়রা জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিলেন। পথে কেশারপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিক ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেনবাগ থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।