সকাল থেকেই কক্সবাজারে বৃষ্টি হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
এ সময় বিমানবন্দরের বাইরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ তাকে স্বাগত জানাতে উপস্থিত হন।
কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে সদর উপজেলার পিএমখালীতে যান। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে চকরিয়ার মালুমঘাটে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে অংশ নেন।
এ ছাড়া পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে চকরিয়ায় বিএনপির জনসভা এবং সন্ধ্যায় কক্সবাজার শহরে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়কও পরিদর্শন করবেন। সব কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফিরে যাবেন তিনি।