অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।

এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দলগত সংহতি, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে আরও বড় অর্জন করতে সক্ষম হবে। এ অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান তিনি।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি-প্রভাবিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এর আগে প্রথম ওয়ানডেতেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল স্বাগতিকরা।