ফেনীতে তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান খালে উল্টে পড়ার পর চালককে উদ্ধার না করে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। খালের পানিতে ছড়িয়ে পড়া মাছ ধরতে মুহূর্তেই ভিড় জমে যায়।
শুক্রবার (১২ জুন) সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ভাঙার তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে চট্টগ্রামের ফিশারি ঘাটে তেলাপিয়া মাছ নিয়ে যাচ্ছিল একটি পিকআপভ্যান। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের একটি খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর গাড়িতে থাকা মাছ খালের পানিতে ছড়িয়ে পড়ে। এ সময় চালক ও তার সহকারীকে উদ্ধারে এগিয়ে না এসে অনেকেই মাছ ধরতে শুরু করেন। পরে চালক ও তার সহকারী নিজেরাই গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।