রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকায় ইয়াসিন খান পলাশ (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাশের বাসায় মিলাদ অনুষ্ঠান ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে এসে দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ‘কাইল্লা পলাশ’ দীর্ঘ ১৮ থেকে ২০ বছর কারাভোগের পর প্রায় এক মাস আগে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১০টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে নতুন কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি।

কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।