ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তার মতে, হাসপাতালটির লাইসেন্স বাতিলের পদক্ষেপটি মোটেও সঠিক হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এর আগে একই দিন স্বাস্থ্য অধিদপ্তর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর এই পদক্ষেপ গ্রহণ করে। তবে বিষয়টি নিয়ে শফিকুর রহমানের মন্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।