বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। কৃষকদের সহায়তায় খাল পুনঃখনন কর্মসূচি চালু করা হয়েছে এবং ভবিষ্যতে কৃষকদের বীজ ও কীটনাশক কেনার জন্য ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে এককালীন ২ হাজার ৫০০ টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের পিএমখালীতে একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ কৃষি ও শ্রমনির্ভর। তাই তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। নারীদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ ও মেধাবীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

তারেক রহমান বলেন, খাল পুনঃখননের ফলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে, ১২০০ হেক্টর জমিতে চাষাবাদ বাড়বে এবং সাড়ে ৮ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, কৃষকদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে উপজেলা পর্যায়ে হাজার হাজার কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, ৬০টি পণ্যের ওপর কর প্রত্যাহার করায় এবার বাজেটের পরও বাজারদর বাড়েনি। পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানোর সিদ্ধান্তকে তিনি যৌক্তিক বলে উল্লেখ করেন।