মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট


জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন কৃষক, এক বছর পর যা ঘটল

ভারতের রাজস্থানে চুরি ঠেকাতে জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন এক কৃষক। কিন্তু পরে ঠিক কোথায় টাকা পুঁতে রেখেছেন, তা ভুলে যান তিনি। প্রায় এক বছর পর সেই টাকা উদ্ধার হলেও ততদিনে উইপোকার আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গেছে পুরো অর্থ।জানা গেছে, প্রায় এক বছর আগে জমি বিক্রি করে ৫ লাখ টাকা পেয়েছিলেন ওই কৃষক। বাড়ি নির্মাণের পরিকল্পনা থাকলেও টাকা বাড়িতে রাখলে চুরি হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় তিনি অর্থগুলো একটি পলিথিনের ব্যাগে ভরে জমিতে গর্ত করে পুঁতে রাখেন।তবে মদ্যপানের অভ্যাস ও ভুলে যাওয়ার কারণে পরে টাকার অবস্থান আর মনে করতে পারেননি তিনি। একাধিকবার জমিতে খোঁজ করেও টাকা না পেয়ে বিষয়টি স্ত্রী ও ছেলেদের জানান। প্রথমে তারা বিষয়টি বিশ্বাস না করলেও পরে জমির বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি করেন। তাতেও কোনো সন্ধান মেলেনি।প্রায় এক বছর পর বর্ষা মৌসুমে চাষাবাদের প্রস্তুতির সময় মাটির নিচ থেকে সেই পলিথিনের ব্যাগটি বেরিয়ে আসে। পরে জমির বেড়া মেরামতের সময় কৃষকের স্ত্রী ও ছেলে ব্যাগটি দেখতে পান।ব্যাগ খুলে তারা দেখতে পান, ভেতরে থাকা ৫ লাখ টাকার নোটগুলো উইপোকায় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে।নষ্ট হওয়া নোট থেকে কোনো অর্থ উদ্ধার করা যায় কি না, সেই আশায় পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত নোটগুলো নিয়ে স্থানীয় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় যান। তবে নোটগুলোর অবস্থা দেখে ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে জেলার এসবিআইয়ের প্রধান শাখায় যোগাযোগ করেও কোনো সমাধান পাননি তারা। ফলে এক বছর পর টাকা খুঁজে পেলেও শেষ পর্যন্ত সঞ্চিত ৫ লাখ টাকা উদ্ধারের আশা হতাশায় পরিণত হয়।

জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন কৃষক, এক বছর পর যা ঘটল