রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জাতীয়

রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার

রাজধানী শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক ৬৫ ও ৪৫ বছর। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য দুটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লোক মারফত খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এসআই তৌফিক হাসান আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে যে, ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার- নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার (২৩) খাদেরগাঁও ইউনিয়নের গিলাতলী গাজী বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। আহতরা হলেন অটোরিকশাচালক মো. ফারুক (৪২), যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তাদের সবার বাড়ি গিলাতলী গ্রামে। তারা পরস্পর আত্মীয়। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর সাদিয়া আক্তারসহ চার যাত্রী অটোরিকশায় করে নাগদা গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। নাগদা বড় বাড়ির সামনে অটোরিকশাটি থামানো অবস্থায় চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও যাত্রীরা আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে সাদিয়া আক্তারকে মৃত অবস্থায় নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম তাকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পারভীন বেগম, হোসনে আরা ও জিলানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। হাসপাতালে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার পর জৈনপুর পরিবহনের বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে।

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪

বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তিতুল্য বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর। গণসংগীত ও অসংখ্য জনপ্রিয় গানের এই রচয়িতা ২০০৯ সালের এই দিনে ৯৩ বছর বয়সে মারা যান। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী। গ্রামবাংলার মাটি ও মানুষকে নিয়ে কালজয়ী গান লিখেছেন শাহ আবদুল করিম। মৃত্যুর পর সাধারণ মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নিয়েছিলেন কমর উদ্দিন, সাধক রসিদ উদ্দিন ও শাহ ইব্রাহিম মোস্তান বক্সের কাছ থেকে। প্রখ্যাত বাউল ফকির লালন শাহ, পুঞ্জু শাহ ও দুদ্দু শাহের দর্শন থেকে গানের অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। শাহ আবদুল করিমের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না, চলে না’, ‘রঙের দুনিয়া তরে চাই না, চাই না’, ‘ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূরপঙ্খী নাও’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া’, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু’, ‘রঙিলা বারই রে’, ‘সখী তোরা প্রেম করিও না’, ‘আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে’, ‘বসন্ত বাতাসে সইগো’, ‘আইলায় না আইলায় নারে বন্ধু’, ‘সখী কুঞ্জ সাজাও গো’, ‘গান গাই আমার মনরে বুঝাই’, ‘আগের বাহাদুরি গেল কই’, ‘আসি বলে গেল বন্ধু আইলনা’ ও ‘ভবসাগরের নাইয়া’। একুশে পদকপ্রাপ্ত শাহ আবদুল করিম জীবিকা নির্বাহ করতেন কৃষিকাজ করে। শত অভাব-অনটন ও বাধা-বিপত্তির মধ্যেও গান সৃষ্টি থেকে বিরত থাকেননি তিনি। সহজ-সরল জীবনযাপনের অধিকারী এই শিল্পী গানে গানে অর্ধশতাব্দীর বেশি সময় ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই করেছেন। এ কারণে ধর্মান্ধ গোষ্ঠীর হাতে নানা লাঞ্ছনার শিকার হয়েছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন, কাগমারী সম্মেলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে মানুষকে প্রেরণা জুগিয়েছে তাঁর রচিত গান। লেখার পাশাপাশি শাহ আবদুল করিম ১ হাজার ৬০০-এর বেশি গানে সুর দিয়েছেন। তাঁর গান সাতটি বইয়ে গ্রন্থিত আছে। বাংলা একাডেমির উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। শাহ আবদুল করিমকে স্মরণ করে প্রতিদিন ভক্ত ও স্বজনেরা গানের আসর বসান। তাঁর গান সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখতে চান ভক্ত-অনুরাগীরা।

বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব দক্ষিণে বাসের চাপায় সাদিয়া আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো চারজন। দুর্ঘটনার পর বাসচালক কাউসারকে আটক করা হয়েছে এবং ওই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার নায়েরগাঁও এলাকার ইজিবাইক চালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। অন্যদিকে, নিহত সাদিয়া তাদের স্বজন। তার স্বামী সৌদি প্রবাসী ইসমাইল হোসেন। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। নিহত ইজিবাইক চালক রোমান হোসেন নায়েরগাঁও এলাকার বাসিন্দা। তিনি মতলব পৌর শহরে ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মো: ইয়াছিন মিয়া জানান, তার জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাত ৭টার দিকে অসুস্থতায় মারা যান। আজ শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়েছিল। তিনি বলেন, সকাল ৬টার দিকে তারা বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালক কাউসারকে আটক করে বড় বাড়ির মসজিদসংলগ্ন কাছারি ঘরে রাখে। পরে মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন তাকে আটক করেন এবং বাসটি জব্দ করে। বাসচালক কাউসারের বাড়ি পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়। দুর্ঘটনার পর থেকে মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক

জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।’ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে ডা. শফিকুর রহমান একই গ্রামের ইসলামি শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং শহীদ আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনারকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় আব্দুল মালেক গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট তিনি মারা যান। কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান স্থানীয় মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ডা. শফিকুর রহমান হাত নেড়ে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার রাতে বগুড়ায় এসে সার্কিট হাউসে রাত যাপন করেন ডা. শফিকুর রহমান। শনিবার সকাল সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।

জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি: ডা. শফিকুর রহমান

মায়ের কবরের পাশে শায়িত তাসনিম রিফাত

মায়ের কবরের পাশে শায়িত হলেন নিহত সেনা সদস্য তাসনিম রিফাত। বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে রাজশাহীর দামকুড়ার বিন্দারামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সেনাবাহিনীর সদস্যরা তার মরদেহ নিজ গ্রামে নিয়ে আসেন। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে এক দুর্ঘটনায় রিফাতসহ দুই সেনাসদস্যের মৃত্যু হয়।  বুধবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে রাজশাহী সেনানিবাসে আনা হয় রিফাতের মরদেহ। সেখান থেকে ফ্রিজিং গাড়িতে করে তাসনিমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। নিজ গ্রামে মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারি ও আর্তনাদে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম। তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান এলাকাবাসী। স্বজনরা জানান, একদিন পর প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন রিফাত। এরপর তার বগুড়া সেনানিবাসে যোগ দেওয়ার কথা ছিল। গত বছর ক্যান্সারে আক্রান্ত মায়ের মৃত্যুর পর বারবার রাজশাহীতে ফিরতে চেয়েছিলেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন এক কর্মকর্তা।  আইএসপিআর জানিয়েছে, আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

মায়ের কবরের পাশে শায়িত তাসনিম রিফাত

মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট

রাজধানীর মহাখালী ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে পুরাতন বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।  ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মহাখালীর রেল গেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে পুরাতন বিল্ডিংয়ে আগুনের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট রওনা করেছে। এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি।

মহাখালী টোবাকো ভবনে আগুন,  নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-কনের বাবা-ঘটকের কারাদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের এক শিশুর বাল্যবিবাহের ঘটনায় বর, মেয়ের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ছেলের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিয়ের সঙ্গে জড়িত কাজীকে আটকের চেষ্টা চলছে। বুধবার (৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা ও কোলচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—বর ফরহাদ (১৯), মেয়ের বাবা আজিজুল হক (৪০) এবং ঘটক হাসান (৪৫)। এর মধ্যে বর ফরহাদকে এক মাসের কারাদণ্ড এবং আজিজুল হক ও ঘটক হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ছেলের বোনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে রামেরকান্দা গ্রামের ভাড়াটে ১১ বছর বয়সী ওই মেয়ের সঙ্গে কোর্ট ম্যারেজ হয় কোলচর গ্রামের ভাড়াটে ফরহাদের। বাল্যবিবাহের বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। মেয়ের বাবা আজিজুল হকের অভিযোগ, তার মেয়েকে ছেলের পরিবারের লোকজন জোর করে বিয়ে করেছে। এ বিয়েতে তাদের পরিবারের কোনো সম্মতি ছিল না এবং কোনো কাগজে তারা স্বাক্ষরও করেননি। তিনি বলেন, আমরা বিচার চাইতে এসে আসামি হলাম। তবে অভিযোগ অস্বীকার করে ছেলের মা বলেন, দুই পক্ষের সম্মতিতেই বিয়ে হয়েছে। তার দাবি, তারা বড় মেয়েকে দেখতে গিয়েছিলেন। পরে মেয়ের পরিবারের আগ্রহেই ছোট মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেওয়া হয়। ছেলের মায়ের আরও অভিযোগ, তৃতীয় পক্ষের একজন তাদের কাছে দুই বোতল মদ চেয়েছিলেন। সেই আবদার পূরণ করতে না পারায় পরবর্তীতে বিষয়টি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ আয়োজন ও সহযোগিতার দায়ে বর, মেয়ের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাজীকেও আটকের চেষ্টা চলছে।

কেরানীগঞ্জে ১১ বছরের শিশুর বিয়ে, বর-কনের বাবা-ঘটকের কারাদণ্ড

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন না হলে সভ্যতা সম্পূর্ণ হয় না। নারীদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সক্ষমতাকে সামনে রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দল বাংলাদেশের একটি বৃহত্তম ও শক্তিশালী নারী সংগঠন। নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে সংগঠনটি প্রতিবাদ করেছে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মতপ্রকাশের জন্য ফেসবুকে লেখালেখি করায় যেসব নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিবারের পাশেও জাতীয়তাবাদী মহিলা দল ছুটে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে খাদিজা, নুসরাতসহ অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিটি ঘটনায় জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে প্রতিবাদ করেছে। অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠের আওয়াজ ধ্বনিত হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, নারীদের অগ্রগতি ও উন্নয়নের জন্য তাদের ক্ষমতায়ন জরুরি। এই দর্শনকে মাথায় রেখেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। সেই দর্শন ধারণ করেই জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে এসেছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকট আন্তর্জাতিক ও বৈশ্বিক সংকট। আমেরিকা ও ইরানের যুদ্ধ না থামা পর্যন্ত এই সংকট একক কোনো রাষ্ট্রের পক্ষে নিরসন করা সম্ভব নয়। হরমুজ প্রণালী দিয়ে তেল আসার ক্ষেত্রে বর্তমানে সমস্যা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর চেষ্টা করছেন। কুয়েত, বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে গ্যাসবাহী কার্গোগুলো আসছে। রুহুল কবির রিজভী বলেন, মহেশখালীর গভীর সমুদ্রের গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাসের স্বাভাবিক প্রবাহ বন্ধ ছিল। সেটি ঠিক হয়েছে এবং ধীরে ধীরে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় প্রয়োজনে আরও ভর্তুকি দিয়ে গ্যাস আমদানি করা হবে। এ জন্য আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে গ্যাস ও জ্বালানি আমদানির ব্যবস্থা করা হচ্ছে। দ্রব্যমূল্য প্রসঙ্গে রিজভী বলেন, মানুষের বর্তমান আয় অনুযায়ী যাতে তারা ব্যয় করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে পারে, সে লক্ষ্যে সরকার বাজারে হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে। বর্ষা শেষ হয়ে শরৎকাল শুরু হওয়ায় সাধারণত শাকসবজি, চাল, ডাল, লবণসহ খাদ্যপণ্যের দাম বাড়ে। কিন্তু সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি। ফলে আগস্টে মূল্যস্ফীতি অনেক কমেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সামাজিক সুরক্ষা, উন্নয়ন এবং সামগ্রিকভাবে গোটা জাতিকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি বিএ ও বিএ অনার্স পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেছেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সবসময় নারীদের সম্মান দেওয়া এবং তাদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা এক নারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নারীর ওপর আঘাত করা অত্যন্ত নিকৃষ্ট কাজ। যারা নারীদের ওপর আক্রমণ চালায় এবং এ ঘটনায় উল্লাস করে, তারা কাপুরুষ।  

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে: রিজভী

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯ এলাকায়

রাজধানীর শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ড স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপা পাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়ে এসব এলাকার বিদ্যমান সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর ৯  এলাকায়

ফ্রিজের পেছনে মাটি জমিয়েছিল ইঁদুর, সরাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নরোত্তম মৃধা ওই গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নরোত্তম নিজ ঘরের ফ্রিজের পেছনে জমে থাকা ইঁদুরের তোলা মাটি পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় স্বজনদের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. শিমুল কৌশিক সাহা জানান, বেলা ১১টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ফ্রিজের পেছনে মাটি জমিয়েছিল ইঁদুর, সরাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

অপারেশন ডেভিল হান্ট: পিরোজপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৮

পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় নাজিরপুর সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রাম থেকে নওশের হোসেনের মেয়ে কোহিনুর বেগম (৪০) এবং শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রাম থেকে অনুজ মজুমদারের স্ত্রী জুঁই মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠি ইউনিয়নের মধ্য জয়পুর এলাকা থেকে হানিফ শেখের ছেলে মো. রাসেল শেখ (৩৫), নাজিরপুর সদর ইউনিয়নের কাঠালিয়া এলাকা থেকে অহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২০), শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর এলাকা থেকে কামাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার ও আনিসুর রহমানের ছেলে সাইফুল ইসলাম এবং মাটিভাঙা ইউনিয়নের বড়ইবুনিয়া এলাকা থেকে এনামুল হকের ছেলে আনিস শেখকে (৩৩) গ্রেপ্তার করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আটজনের মধ্যে দুজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, দুজন ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মাদকসেবী, দুজন ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হওয়া নারী, একজন নিয়মিত মামলার আসামি এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। ওসি আরও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট: পিরোজপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৮

মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

‎ময়মনসিংহে সাথী আক্তার (৩৮) নামের এক নারীকে হত্যা মামলায় হৃদয় মিয়া (৩২) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। ‎‎আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুদ্দিন এই রায় দেন। আসামির উপস্থিতিতে বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে আরও বলা হয়, অর্থদণ্ডের টাকা হৃদয়ের সম্পত্তি থেকে আদায় করে নিহতের পরিবারকে প্রদান করতে হবে। সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মোবাইল কল দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বাগ্‌বিতণ্ডা ঘটে। এরই জেরে হৃদয় মিয়া ছুরিকাঘাত করে সাথী আক্তারকে হত্যা করে।’ ‎মৃত্যুদণ্ডপ্রাপ্ত হৃদয় মিয়া নগরীর জুবলী কোয়াটার এলাকার জয়নাল মিয়ার ছেলে। নিহত সাথী আক্তার একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের মেয়ে। ‎মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ মে মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ২৩ মে রাত ২টার দিকে হৃদয় মিয়া আকুয়া জুবলী কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় ঢুকে সাথী আক্তারের ওপর হামলা চালায়। এ সময় ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সাথী আক্তারকে গুরুতর আহতাবস্থায় ফেলে চলে যায় হৃদয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাথী আক্তারের বোন শিউলি আক্তার বাদী হয়ে একই এলাকার বাবুল ও হৃদয়ের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ ঘটনা তদন্ত করে হৃদয়ের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এ ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নারায়ণগঞ্জে, ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এদিকে, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

হজযাত্রীদের সেবা উন্নত করতে এআই ব্যবহার বৃদ্ধি সৌদি আরবের

হজযাত্রীদের সেবা আরও সহজ ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিভিন্ন ডিজিটাল সেবায় এসব প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা য়ায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘নাজুক এআই’ চালুর পর থেকে ২০ লাখের বেশি ব্যবহারকারী এ সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে শুধু গত মাসেই সেবাটি ব্যবহার করেছেন ৩ লাখ ৯৩ হাজার মানুষ। ১৮০টির বেশি ভাষায় ভয়েস সুবিধাসহ সেবাটি চালু রয়েছে।  জানা যায়, ডিজিটাল মুত্তাওয়িফ এক মাসে ২০ লাখের বেশি বার ব্যবহার করা হয়েছে। ১৪ লাখের বেশি এ সেবার মাধ্যমে হাজি ডিজিটালি তাওয়াফ ও সাঈ সম্পন্ন করেছেন। নুসুক এআই সেবার জন্য সৌদি ডেটা অ্যান্ড এআই অথরিটি (এসডিএআইএ) থেকে এআই এথিকস মার্কও পেয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য মন্ত্রণালয়ের সেবা আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন পূর্বাভাস ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। এগুলো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। একইসঙ্গে হাজিদের চলাচল ও দলভিত্তিক ব্যবস্থাপনার জন্য স্মার্ট প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, সৌদি আরবের ভিশন ২০৩০ এবং গেস্টস অব আল্লাহ সার্ভিস প্রোগ্রামের আওতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

হজযাত্রীদের সেবা উন্নত করতে এআই ব্যবহার বৃদ্ধি সৌদি আরবের