রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

খেলা

মেসিকে ধন্যবাদ জানিয়ে ইনফান্তিনো বললেন, ‘অবিস্মরণীয় সব স্মৃতির জন্য কৃতজ্ঞ’

মেসিকে ধন্যবাদ জানিয়ে ইনফান্তিনো বললেন, ‘অবিস্মরণীয় সব স্মৃতির জন্য কৃতজ্ঞ’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে জাতীয় দলকে বিদায় বলেছেন তিনি। মেসির বিদায়ের ঘোষণার পর ইনস্টাগ্রামে তাকে অভিনন্দন জানান ইনফান্তিনো। ফিফা সভাপতি লিখেছেন, ‘একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য (লিওনেল মেসিকে) অভিনন্দন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই খেলাটিকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।’ মেসির রেকর্ড ও অর্জনের কথাও তুলে ধরেছেন ইনফান্তিনো। তিনি লিখেছেন, ‘২০২২ ফিফা বিশ্বকাপজয়ী, আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করার পাশাপাশি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের অধিকারী। তোমার এই জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’ তবে ইনফান্তিনোর বার্তার সবচেয়ে আবেগঘন অংশটি ছিল মেসির প্রভাব নিয়ে। আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়ে ফিফা সভাপতি লিখেছেন, ‘আর্জেন্টিনার জার্সিতে অবিস্মরণীয় সব স্মৃতি উপহার দেয়ার জন্য এবং বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য অনেক অনেক শুভকামনা।’

‘আমরা খুবই দুঃখিত, তবে সে যেন ভালো থাকে’

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তে গভীরভাবে আঘাত পেয়েছে তাঁর পরিবার। দীর্ঘ ও গৌরবময় এক অধ্যায়ের সমাপ্তির বেদনার মধ্যেও অবশ্য ছেলের সুখকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মেসির মা সেলিয়া। মেসির অবসরের খবর ছড়িয়ে পড়ার পর টিভি অনুষ্ঠান ইনত্রুসোস-এর সঙ্গে বার্তা বিনিময়ে নিজের অনুভূতি প্রকাশ করেন সেলিয়া। তিনি জানান, মেসির অবসের বিষয়টি পরিবার আগে থেকেই জানত। তবু আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি সামনে আসার পর কষ্টটা কমেনি। সেলিয়া লিখেছেন, ‘আগে থেকেই জানতাম, তবু পরিবারের সবাই খুবই দুঃখিত।’ আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ পথচলার সমাপ্তি শুধু সমর্থকদের জন্য নয়, তাঁর পরিবারের কাছেও ভীষণ আবেগের। ১০ নম্বর জার্সিতে বছরের পর বছর দেশের হয়ে খেলে যাওয়া ছেলেকে আর জাতীয় দলের হয়ে মাঠে দেখতে না পাওয়ার কষ্ট থাকলেও, মায়ের কাছে সবার আগে মেসির ভালো থাকা। সেলিয়ার বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন ভালো থাকে।’ জাতীয় দল থেকে মেসির অবসরের বিষয়টি অবশ্য পরিবারে নতুন কোনো আলোচনা ছিল না। সেলিয়ার ইঙ্গিত, দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন আর্জেন্টাইন তারকা। বিষয়টি নিয়ে চিন্তিত থাকতেন তাঁর বাবা জর্জেও। গত ৮ আগস্ট রোজারিওতে মারা যান জর্জে। বাবাকে হারানোর শোকের মধ্যেই মেসির আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত পরিবারকে আরও বেশি আবেগাপ্লুত করে তুলেছে। বাবার সঙ্গে এ প্রসঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতি তুলে ধরে সেলিয়া লিখেছেন, ‘বাবা সব সময় বলতেন, ‘আমি আর খেলব না, তখন কী করব?’ আর সবকিছু একসঙ্গেই ঘটে গেল, অবিশ্বাস্য।’ নিজের বিদায়ী বার্তাতেও বাবার মৃত্যুর পর সিদ্ধান্তটি আরও দৃঢ় হওয়ার কথা জানিয়েছেন মেসি। হাতে লেখা এক চিঠিতে তিনি জানান, জাতীয় দলকে বিদায় বলার এটাই তাঁর জন্য উপযুক্ত সময়। মেসি লিখেছেন, ‘আমি শূন্য হয়ে গেছি, দেওয়ার মতো আমার আর কিছু নেই।’ চিঠির শেষ দিকে নিজের সিদ্ধান্তের পেছনের সময়টিও তুলে ধরেছেন মেসি, ‘আমি এই কথাগুলো লিখেছিলাম ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর। আজ, আমার বাবার সঙ্গে যা ঘটেছে, তার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’

‘আমরা খুবই দুঃখিত, তবে সে যেন ভালো থাকে’

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, টাকা ফেরত পাবেন ৩৩ হাজার দর্শক

গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলায় ভেস্তে যায় মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’ আয়োজন। মাঠে কর্মকর্তা ও অতিথিদের ভিড়ে মেসিকে ঠিকমতো দেখতে পারেননি দর্শকেরা। মাত্র ২০ মিনিটের মতো স্টেডিয়ামে থাকার পরই মেসিকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালান। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ায় সেদিন থেকেই টিকিটের টাকা ফেরত চেয়ে আসছিলেন দর্শকরা। মেসিকে দেখতে না পাওয়া ৩৩ হাজার দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৯ আগস্ট) ভারতের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘মেসির বিপুল ভক্ত রয়েছে। তারা ৪ হাজার ও ৬ হাজার রুপি দিয়ে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, এই ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর দেওয়া টাকা যেন ফেরত দেওয়া হয়। এ নিয়ে আমি ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি, আমি এটা করতে পারবো।’ এ ঘটনার জেরে তৎকালীন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়েছিল। বরখাস্ত করা হয় বিধাননগর নগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ কুমারকে। সেই সময় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। টানা ৩৮ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।কারাগার থেকে বেরিয়েই তৎকালীন রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন শতদ্রু। তার অভিযোগ, সেদিনের বিশৃঙ্খলার জন্য আয়োজকেরা নন, তৎকালীন ক্রীড়ামন্ত্রী ও পদস্থ প্রশাসনিক কর্মকর্তারাই সরাসরি দায়ী ছিলেন।

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, টাকা ফেরত পাবেন ৩৩ হাজার দর্শক

ফিফার শাস্তির পর যে ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের শাস্তি দিয়েছে ফিফা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শুক্রবার (২১ আগস্ট) বিশ্বকাপের ফাইনাল-পরবর্তী ঘটনার তদন্ত শেষে শাস্তির ঘোষণা দেয় ফিফার ডিসিপ্লিনারি কমিশন। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে স্পেনের গাভিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত অন্য তিনজনকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। তবে ফিফার তদন্ত শুধু ফাইনালের পরের সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। টুর্নামেন্ট চলাকালে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে দেরি, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, মাঠে বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো বিভিন্ন অভিযোগেও এএফএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ লেখা ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থের মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী একটি কর্মসূচিতে ব্যয় করতে হবে। ফিফার সিদ্ধান্তের পর শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘আমরা যে সকল নোটিশ পেয়েছি তার পরিপ্রেক্ষিতে এবং অ্যাসোসিয়েশন ও আমাদের খেলোয়াড়দের অধিকার রক্ষার্থে এএফএ-এর আইনি বিভাগ উপযুক্ত সময়ে ও উপযুক্ত প্রক্রিয়ায় ফিফার কাছে এই পর্যালোচনার আওতাধীন সিদ্ধান্তগুলোর পেছনের কারণ জানতে চাইবে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আপিল কমিটির কাছে আপিল দায়েরের প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি পরবর্তীতে শেষ উপায় হিসেবে স্পোর্টস আরবিট্রেশন কোর্টে যাওয়ার সম্ভাবনাও উন্মুক্ত রাখা হচ্ছে।’

ফিফার শাস্তির পর যে ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা

অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড বুকে হাসান-মিরাজ

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটের জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন মিরাজ। অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে মিরাজের পাঁচ উইকেট শিকারের কীর্তি তাকে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী স্পিনারদের মধ্যে বিশেষ তালিকায় জায়গা করে দিয়েছে। ২০১৯ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সফরকারী কোনো স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মিরাজ। ২০১৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট নেওয়া সফরকারী স্পিনার এখন কুলদীপ যাদব ও মেহেদী হাসান মিরাজ। এর আগে ২০১০ সালে অ্যাডিলেডে পাঁচ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ান। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিরাজ। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এক টেস্টে পঞ্চাশোর্ধ্ব রান ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এটি মিরাজের ক্যারিয়ারে চতুর্থবার। বাংলাদেশের হয়ে এমন পারফরম্যান্সের তালিকায় তিনি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে আরও ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে ১১১ রান খরচ করে ৯ উইকেট নেওয়া হাসানের এই পারফরম্যান্স বাংলাদেশের কোনো পেসারের এক টেস্টে দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টেই এমন দুর্দান্ত পারফরম্যান্স করে হাসান মাহমুদ সফরকারী পেসারদের মধ্যেও জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়। অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে কোনো সফরকারী পেসারের এটি তৃতীয় সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে ১৯৯০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ১১ উইকেট নিয়েছিলেন। একই মাঠে ১৯২৪ সালে ইংল্যান্ডের মরিস টেটও ১১ উইকেট শিকার করেছিলেন। তবে আকরাম এই ১১ উইকেট নিতে ১৬০ রান এবং মরিস টেট ২২৮ রান খরচ করেছিলেন। মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স এবং হাসানের দুর্দান্ত পেস আক্রমণের সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং ভেঙে পড়ে। ফলে ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী শুরু করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড বুকে হাসান-মিরাজ

ক্ষুব্ধ হয়ে দর্শকদের ঘরে থাকতে বললেন নেইমার

মাঠে দুই অ্যাসিস্ট করে সান্তোসের দুর্দান্ত প্রত্যাবর্তনে বড় ভূমিকা রেখেছেন নেইমার। তবে ম্যাচ শেষে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে সমর্থকদের উদ্দেশে দেওয়া মন্তব্য। কোপা সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে শুক্রবার (১৪ আগস্ট) ইকুয়েডরের ক্লাব মাকারাকে ২–১ গোলে হারিয়েছে সান্তোস। ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিলের ক্লাবটি। দলের দুই গোলেই অবদান রাখেন নেইমার। ম্যাচের পঞ্চম মিনিটে ফ্রাঙ্কো পসের গোলে এগিয়ে যায় মাকারা। প্রথমার্ধের শেষদিকে নেইমারের বাড়ানো বল থেকে গাব্রিয়েল বারবোসা গোল করে সান্তোসকে সমতায় ফেরান। এরপর ৭৬ মিনিটে নেইমারের কর্নার থেকে উইলিয়ান আরাও গোল করলে জয় নিশ্চিত হয় সান্তোসের। তবে জয়ের পরও নেইমারের মুখে স্বস্তির ছাপ ছিল না। ম্যাচ চলাকালে একটি ভুল পাসের পর গ্যালারি থেকে দুয়ো শুনতে হয় তাকে। ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নেইমার বলেন, ‘আমরা তখন ১–০ গোলে পিছিয়ে ছিলাম। আমি জানি, সমর্থকেরা অনেক কষ্ট পাচ্ছেন। কিন্তু সেই হতাশা আর নেতিবাচক মানসিকতা নিয়েই যদি স্টেডিয়ামে আসেন, তাহলে ঘরে থাকাই ভালো।’ সমর্থকদের আরও ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমালোচনা না করে আমাদের সমর্থন করুন। তখনও অনেক সময় বাকি ছিল। আমাদের উৎসাহ দিন। পরে আমরা ম্যাচ ঘুরিয়ে দিলাম।’ নেইমার জানান, ম্যাচের একপর্যায়ে যিনি তাকে সমালোচনা করছিলেন, জয় পাওয়ার পর তিনিই গ্যালারি থেকে ভালোবাসার ইঙ্গিত দেখান। তার ভাষায়, জিতলেই ভালোবাসা দেখানো সহজ। এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল সান্তোস। আগামী সপ্তাহে ইকুয়েডরের আমবাতোতে ফিরতি লেগ খেলবে তারা। সেখানে হার এড়াতে পারলেই শেষ আটের টিকিট নিশ্চিত হবে। সাম্প্রতিক সময়েও দুর্দান্ত ফর্মে রয়েছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২৪ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি করেছেন ৮টি অ্যাসিস্ট। ফলে ২১ গোলে সরাসরি অবদান রেখে সান্তোসের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করছেন ব্রাজিলিয়ান এই তারকা।

ক্ষুব্ধ হয়ে দর্শকদের ঘরে থাকতে বললেন নেইমার

বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল বিসিসিআই

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে নিজেদের অবস্থান কিছুটা স্পষ্ট করেছে ভারত। চলতি মাসের শেষ দিকে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও এখনো সিরিজের বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। নানা জটিলতায় সফরটি পিছিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, সরকারের অনুমোদন মিললেই বাংলাদেশে দল পাঠানোর বিষয়টি চূড়ান্ত হবে। এ নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও আলোচনা চলছে।বিসিসিআইয়ের ওই কর্মকর্তা জানান, বিসিবির সঙ্গে তাদের সম্পর্ক আপাতত স্বাভাবিক রয়েছে। তবে সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত সিরিজের সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। অনুমতি পাওয়া গেলে দ্রুতই ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারত। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির কারণেও আগের নির্ধারিত সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া এবং বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘটনাকে ঘিরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা আরও বাড়ে।তবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল।এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।ফলে বাংলাদেশ সফর নিয়ে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চললেও শেষ পর্যন্ত ভারতীয় সরকারের অনুমোদনই সিরিজটির ভাগ্য নির্ধারণ করবে।

বাংলাদেশ সফর নিয়ে মুখ খুলল বিসিসিআই

প্রথম টেস্টের আগে দোয়া চাইলেন মুমিনুল

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার (১৩ আগস্ট) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের আগে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দোয়া চেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তিনি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট ফিরেছে! ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনাদের শুভকামনা ও দোয়া চাই।’অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, আর বাংলাদেশের জয় একটি। সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল দুই দল।দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরলেও প্রস্তুতি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানে হেরেছে তারা। প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। তবে দলের অন্য ব্যাটারদের ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে।তবে প্রস্তুতি ম্যাচের ফলকে বড় করে দেখতে রাজি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর বিশ্বাস, প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ভুলে মূল লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে পারবে দল।শান্ত বলেন, ২৩ বছর আগের দল আর বর্তমান দল এক নয়। প্রস্তুতি ম্যাচে খারাপ দিন যেতেই পারে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে টেস্ট ম্যাচে ভালো করার ব্যাপারে দলের বিশ্বাস রয়েছে।ফলাফল নিয়ে আগেভাগে না ভেবে পাঁচ দিন ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলাই বাংলাদেশের মূল লক্ষ্য বলে জানান শান্ত। তাঁর মতে, প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ এবং সেশন ধরে ধরে এগিয়ে যেতে হবে। ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটি ১৩ থেকে ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর ২২ আগস্ট ম্যাকেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 

প্রথম টেস্টের আগে দোয়া চাইলেন মুমিনুল

মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার!

একসময় বার্সেলোনার আক্রমণভাগে ফুটবল বিশ্বে ঝড় তুলেছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। ‘এমএসএন’ নামে পরিচিত এই ত্রয়ী প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য ছিল বড় আতঙ্ক। তিনজনের অসাধারণ বোঝাপড়ায় বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়নস লিগসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা।২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিলে ভেঙে যায় এই বিখ্যাত আক্রমণভাগ। পরে পিএসজিতে মেসি ও নেইমার আবার একসঙ্গে খেললেও সুয়ারেজ ছিলেন আলাদা ক্লাবে। বর্তমানে মেসি ও সুয়ারেজ খেলছেন ইন্টার মিয়ামিতে। এবার সেই দলে নেইমারও যোগ দিতে পারেন বলে শুরু হয়েছে নতুন জল্পনা।দ্য সানের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহাম নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারেন। সেটি হলে প্রায় এক দশক পর আবারও একই ক্লাবের জার্সিতে মাঠে দেখা যেতে পারে মেসি, সুয়ারেজ ও নেইমারকে।সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলোর একটি মন্তব্যের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। তার দাবি, সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন।ইউটিউবে মেলো বলেন, ‘আমার এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে। তিনি সান্তোস সম্পর্কে কিছু খবর দিয়েছেন। তিনি আমাকে বলেছেন, নেইমার মিয়ামিতে খেলবে। আগামী জানুয়ারি থেকেই নেইমার ইন্টার মিয়ামির হয়ে খেলা শুরু করবে।’তিনি আরও বলেন, ‘এটা যদি সত্যি হয়, তাহলে এই খবর সবার আগে আমিই জানালাম। এখন দেখা যাক কী হয়।’তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি ব্রাজিলিয়ান এই তারকা নিজেই জানিয়েছেন, মৌসুম শেষে কী করবেন, তা নিয়ে এখনো ভাবছেন। আপাতত তার লক্ষ্য সান্তোসের সঙ্গে চুক্তি পূরণ করা।নিজের ইউটিউব চ্যানেলে নেইমার বলেন, ‘আমি জানি না কতদিন খেলব। থামার কথা এখনো ভাবছি না। আবার কতদিন খেলা চালিয়ে যাব, তাও জানি না।’সান্তোসের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি এই চুক্তি পূরণ করতে চাই। যতটা সম্ভব সান্তোসের জার্সির প্রতি সম্মান রাখতে চাই। চুক্তি শেষ হলে তখন ভাবব, সান্তোসে থাকব নাকি ছাড়ব, খেলা চালিয়ে যাব নাকি থামব। আমি সত্যিই জানি না কী করব।’নেইমারের সম্ভাব্য ইন্টার মিয়ামি-যাত্রা এখনো নিশ্চিত নয়। তবে সত্যিই যদি তিনি মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও জুটি বাঁধেন, তাহলে ফুটবলপ্রেমীদের জন্য সেটি হবে এক নস্টালজিক প্রত্যাবর্তন। বার্সেলোনার সেই বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী আবারও একসঙ্গে মাঠে নামার সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে।

মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার!

বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে একটি নিরাপত্তা প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে লক্ষ্য করে স্টেডিয়ামে বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিকল্পনার কথাও জানিয়েছিল কয়েকজন।যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে মেসির পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপেসহ আরও কয়েকজন তারকা ফুটবলার হুমকি ও নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।মেসিকে ঘিরে একাধিক হুমকিইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন সেন্টার (আইপিসিসি) ও এফবিআইয়ের নিরাপত্তা প্রতিবেদনের বরাত দিয়ে স্পেনের সংবাদমাধ্যম ইনফরমাসিওন ডট ইএস এসব তথ্য প্রকাশ করেছে।প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ও মিশরের ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যক্তি হুমকি দিয়ে লিখেছিলেন, তিনি আটলান্টা স্টেডিয়ামে প্রবেশ করে শরীরে বাঁধা বোমা দিয়ে মেসিকে হত্যার চেষ্টা করবেন।এরপর ডালাস বিমানবন্দর থেকে আরেক ব্যক্তি ফোন করে দাবি করেন, তিনি আরও দুজনের সঙ্গে বাড়িতে তৈরি বোমা ও একটি এআর-১৫ রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। তাদের লক্ষ্য ছিল পুলিশ ও খেলোয়াড়দের ওপর হামলা চালানো। ওই ব্যক্তি বিশেষভাবে মেসির নামও উল্লেখ করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।আরেক ঘটনায় ম্যাচ চলাকালে পুলিশকে ফোন করে এক ব্যক্তি স্টেডিয়ামের ময়লার ঝুড়িতে তিনটি বোমা রাখার দাবি করেন। খবর পাওয়ার পর বোমা নিষ্ক্রিয়করণ দল, প্রশিক্ষিত কুকুর ও তাদের হ্যান্ডলাররা স্টেডিয়ামে তল্লাশি চালান।প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি নিরাপত্তা হুমকি পাওয়া খেলোয়াড়দের মধ্যে মেসি অন্যতম ছিলেন।রোনালদোকেও ঘিরে নিরাপত্তাঝুঁকিক্রিশ্চিয়ানো রোনালদোকেও একাধিকবার নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।১৪ জুন ফিফার এক কর্মী রোনালদোর অবস্থান সম্পর্কে তথ্য জানতে চাওয়া এক সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে কর্তৃপক্ষকে জানান। দুই দিন পর হিউস্টন পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং রোনালদোর হোটেল থেকেই তাকে গ্রেপ্তার করে।টরন্টোতেও রোনালদোর সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করা এক ব্যক্তিকে আটক করা হয়। ওই ব্যক্তি দাবি করেছিলেন, তিনি শুধু রোনালদোর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন।এ ছাড়া মিয়ামিতে এক ব্যক্তি রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা করেন। পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচেও রোনালদোর জার্সি পরা এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এমবাপেকেও অনলাইনে হুমকিনিরাপত্তাঝুঁকির তালিকায় ছিলেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেও। ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে প্যারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডার পর অনলাইনে তাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও জাতিবিদ্বেষী মন্তব্য ছড়িয়ে পড়ে।প্রতিবেদন অনুযায়ী, ৫ ও ৬ জুলাই প্যারাগুয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপের ছবি ব্যবহার করে তৈরি একটি পুতুল পোড়ানোর ঘটনাও সামনে আসে।বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরে তারকা খেলোয়াড়দের ঘিরে এমন নিরাপত্তাঝুঁকি আয়োজকদের জন্যও বড় উদ্বেগের বিষয়। নিরাপত্তা সংস্থাগুলোর এসব তথ্যের পর খেলোয়াড়দের সুরক্ষা ও স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এল ভয়াবহ সব তথ্য

অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের আরেক দুঃশ্চিন্তা

ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা বাংলাদেশের হলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। ব্যাটিংয়ে বড় সংগ্রহ তুলে বাংলাদেশকে চাপে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। একই সঙ্গে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছে তাইজুল ইসলামের চোট।প্রথম ইনিংসে ১ রানে ২ উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ শেষ পর্যন্ত ৮৭.২ ওভারে ৩৫৫ রানে অলআউট হয়েছে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফলে এখনো ৭৩ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাইজুল ইসলামের চোট। একাদশে থাকলেও দ্বিতীয় দিনে তিনি বোলিং করতে পারেননি।খেলা শেষে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বোলিং করা আঙুলে চোট পেয়েছেন তাইজুল। আঙুলে বলের আঘাত লাগায় সেটি ব্যান্ডেজ করে রাখা হয়েছে এবং পুরো দিন তাকে বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল তার অবস্থা আবার পরীক্ষা করা হবে।তাইজুলের পরিবর্তে আজ বোলিং করেছেন মুশফিক হাসান। একাদশে না থাকলেও বিশেষ অনুমতি নিয়ে তাকে খেলানো হয়। ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।মুশফিককে খেলানোর বিষয়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, তাইজুলের চোটের বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের জানিয়ে মুশফিককে বোলিং করানোর অনুমতি নেওয়া হয়।এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন টিগ উইলি। ১৭৭ বলে ১৬টি চারসহ ১৩০ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান আসে উইকেটরক্ষক জেক ডোরানের ব্যাট থেকে।বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাসান মাহমুদ। তিনি ৪টি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দুটি করে এবং সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী একটি করে উইকেট শিকার করেন।দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ক্যাম্পবেল থম্পসনের বলে সাদমান ইসলাম ৭ এবং মুমিনুল হক ৬ রান করে আউট হন। দিনের শেষ পর্যন্ত তানজিদ হাসান তামিম ৭ রানে অপরাজিত আছেন।শেষ দিনে তাইজুল ইসলাম বোলিংয়ে ফিরতে পারেন কি না, সেটিই এখন বাংলাদেশের জন্য বড় প্রশ্ন। পাশাপাশি ৭৩ রানের ঘাটতি পেরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ ফেরানোর চ্যালেঞ্জও রয়েছে বাংলাদেশের সামনে।

অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের আরেক দুঃশ্চিন্তা

‘পোকার’ বিতর্কের মাঝেই জোড়া গোলে জ্বলে উঠলেন নেইমার

বিশ্বকাপে হতাশাজনক বিদায়, সীমিত সময় খেলার সুযোগ এবং ‘পোকার’ খেলা নিয়ে টানা সমালোচনার মধ্যেই মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে জোড়া গোল করে দলকে হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তারকা ফরোয়ার্ড। রোববার (২৩ জুলাই) ব্রাজিলেইরো সিরি ‘এ’-এর ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে দলের দুই গোলই করেন নেইমার। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বকাপে মাত্র দুই ম্যাচে বদলি হিসেবে নেমে মোট ৩৫ মিনিট খেলার সুযোগ পাওয়া নেইমার এবার সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। ম্যাচের ৩৬তম মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস আদান-প্রদানের পর প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে প্রথম গোলটি করেন তিনি। গোল উদযাপনে হাত দিয়ে পোকার খেলার ভঙ্গি করেন নেইমার, যা সাম্প্রতিক বিতর্কের প্রতীকী জবাব হিসেবে দেখছেন অনেক ফুটবলভক্ত। এরপর ম্যাচের ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। তবে ম্যাচের শেষ মুহূর্তে সান্তোস পেনাল্টি পেলে ৮৯তম মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। তার জোড়া গোলেই হার এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। বিশ্বকাপে নিজের সম্ভাব্য শেষ আসর খেলতে চেয়েছিলেন নেইমার। দীর্ঘ চোট কাটিয়ে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা পেলেও পুরো টুর্নামেন্টে মাত্র ৩৫ মিনিট মাঠে থাকার সুযোগ পান। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে শেষদিকে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিদায়ের ইঙ্গিত দেন। তবে সেটি জাতীয় দল নাকি শুধু বিশ্বকাপ—সেটি স্পষ্ট করেননি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি জনপ্রিয় পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে দেশে ফিরে সাও পাওলোতেও আরেকটি পোকার প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বিতর্ক আরও বাড়ে। সমালোচনার জবাবে নেইমার বলেন,“আমি দ্বিতীয় অনুশীলন সেশনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখলাম অনেকে আমার পোকার খেলা নিয়ে কথা বলছে। সকালে আমি অনুশীলন করেছি, খেলতে যাইনি, আবার অনুশীলনেই ফিরেছি। তখন আমার ছুটি ছিল। মানুষ তো কথা বলবেই। আমি অনুশীলন করতে চাই। তোমরা কি আমাকে অনুশীলন করতে দেবে, নাকি সবসময় পেছনে লেগেই থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবো।” মাঠের পারফরম্যান্সে সমালোচনার জবাব দিয়ে নেইমার আবারও প্রমাণ করলেন, ফিট থাকলে তিনি এখনও দলের জন্য বড় পার্থক্য গড়ে দিতে সক্ষম।

‘পোকার’ বিতর্কের মাঝেই জোড়া গোলে জ্বলে উঠলেন নেইমার

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে নেমেছিল আর্জেন্টিনা। তবে স্পেনের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি লিওনেল স্কালোনির দল। একপেশে লড়াইয়ে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচটি ঘিরে নানা ধরনের গুঞ্জন, ষড়যন্ত্র তত্ত্ব এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে আর্জেন্টিনার ড্রেসিংরুমের পরিবেশ, খেলোয়াড়দের মানসিক অবস্থা এবং ম্যাচের আগের ঘটনাগুলো নিয়ে বিভিন্ন দাবি ভাইরাল হয়। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় জাতীয় দল, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে দল সর্বোচ্চ চেষ্টা করেছে এবং একটি ম্যাচের ফলাফল দিয়ে তাদের পরিশ্রমকে বিচার করা ঠিক হবে না। একই সঙ্গে সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব কিংবা ষড়যন্ত্রমূলক প্রচারণায় বিশ্বাস না করতে। তাপিয়া আরও বলেন, ফাইনালের আগে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে যেসব দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। দলের মধ্যে ঐক্য, পারস্পরিক বিশ্বাস এবং জয়ের লক্ষ্য ছিল অটুট। সবাই দেশের হয়ে সর্বোচ্চটা দেওয়ার জন্যই মাঠে নেমেছিলেন। ফাইনালে হার অবশ্যই হতাশাজনক, তবে এই দল আবারও ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সমর্থকদের অব্যাহত ভালোবাসা ও সমর্থনই দলের সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন এএফএ সভাপতি।

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

সার্জারির পর ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না! ‘চিন হারমোনাইজেশন’ নিয়ে তুমুল আলোচনা

বিশ্বকাপ শেষে এবার ভিন্ন কারণে আলোচনায় ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। মুখের গঠন পরিবর্তনের জন্য তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম। নতুন ছবিতে তাঁর চিবুক ও চোয়ালের গঠন আগের তুলনায় আরও স্পষ্ট দেখা যাচ্ছে, যা দেখে অনেক সমর্থক বলছেন— ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না। ‘চিন হারমোনাইজেশন’ হলো এমন একটি প্রসাধনী চিকিৎসা, যেখানে ফিলার বা অস্ত্রোপচারের মাধ্যমে চিবুক, চোয়াল ও মুখের ভারসাম্য উন্নত করার চেষ্টা করা হয়। ভিনিসিয়ুসের ক্ষেত্রে অস্ত্রোপচার নয়, বিশেষ ধরনের ফিলার ব্যবহার করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক ফোলাভাব কমে গেলে তাঁর মুখের আকৃতিতে আরও স্বাভাবিক পরিবর্তন দেখা যাবে।

সার্জারির পর ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না! ‘চিন হারমোনাইজেশন’ নিয়ে তুমুল আলোচনা

এনজোর লাল কার্ডের পর রেফারির মনোযোগ অন্যদিকে সরাতে চেয়েছিলেন মেসি!

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের দ্বিতীয় হলুদ কার্ডের কারণে আর্জেন্টিনাকে খেলা শেষ করতে হয়েছে ১০ জন নিয়ে। নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, এনজোর লাল কার্ড পাওয়ার পরপর লিওনেল মেসি এসে রেফারিকে মাটিতে পড়ে থাকা নিকোলাস তাগলিয়াফিকোর অবস্থা দেখতে বলছেন। ভিডিওতে এটাও পরিষ্কার দেখা গেছে যে, তাগলিয়াফিকো ইনজুরির অভিনয় করেছেন।   স্পেনের কাছে ফাইনালে হারের পর এনজো মুখ খুলেছেন। দেশের জন্য সবকিছু দেওয়ার প্রতিজ্ঞা তার কণ্ঠে। দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় তিনি সমর্থকদের কাছে ক্ষমা চান এবং ড্রেসিংরুমে যাওয়ার পথে ক্ষোভে সাইডলাইনের একটি মাইক্রোফোনে লাথি মারেন। ফাইনাল হারের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এনজো। তিনি লেখেন, ‘সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু রয়েছে। অনেক বছর ধরে এই দলটি আমাদের সেরাটা দিয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা শিখিয়েছে প্রতিযোগিতা কেবল জয়ের জন্য নয়, শার্টটির জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া এবং কখনো হার না মানার নাম।’ 

এনজোর লাল কার্ডের পর রেফারির মনোযোগ অন্যদিকে সরাতে চেয়েছিলেন মেসি!

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিন ম্যাচ চলাকালীন তীব্র উত্তেজনায় বুয়েন্স আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (এসএএমই) এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগ জানিয়েছে, মৃত দুই ব্যক্তির বয়স ছিল ৬৭ ও ৮৮ বছর। চিকিৎসকরা ঘটনাস্থলে ও হাসপাতালে সিপিআর দিলেও তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি। এদিকে ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ম্যাচ শেষে বুয়েন্স আইরেসের ওবেলিস্ক চত্বরে উদ্ভূত বিশৃঙ্খলায়ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অতিরিক্ত ভিড়, মারামারি ও ওপর থেকে পড়ে গিয়ে অনেকে আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু