ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, গণভোটে জনগণের যে রায় প্রকাশ পেয়েছে, তা শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার তা করতে ব্যর্থ হলে জনগণ আন্দোলনের পথেই নিজেদের অধিকার আদায় করবে।
তিনি অভিযোগ করেন, অতীতে জনগণের ভোটাধিকার হরণের কারণে শেখ হাসিনার সরকার যে পরিণতির মুখোমুখি হয়েছে, বিএনপি ও তারেক জিয়া যদি একই পথে হাঁটে এবং জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে তাদেরও একই পরিণতি হবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো কর্মসূচি দিয়ে জনগণের সম্মান ও ভোটাধিকার কেনা সম্ভব নয়। জনগণ তাদের অধিকার ও মর্যাদার প্রশ্নে কখনও আপস করবে না।
বিএনপিকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ৩২টি রাজনৈতিক দলকে বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তির সঙ্গে সমঝোতার মাধ্যমে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোটের রায় কার্যকর করার দাবি জানান। তিনি বলেন, জনগণের ভোটের প্রতিফলন নিশ্চিত করতে হবে এবং দেশের চলমান জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে অনিয়ম ও ফলাফল প্রভাবিত করার মাধ্যমে বিরোধী প্রার্থীদের পরাজিত করা হয়েছে। তবে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ফলাফল মেনে নেওয়া হলেও ভোট কারচুপিকে স্বীকৃতি দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ময়মনসিংহ অঞ্চল পরিচালক মো. শাহাবুদ্দিন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন এবং বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।