জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, কোনো নেতাকর্মী অপরাধে জড়িত হলে সংগঠন তাকে ছাড় দেয় না। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তবে বহিষ্কারের পর যদি কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তার দায় যুবদলের নয়।
বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুন্না বলেন, অতীতে যেমন যুবলীগ অপরাধে জড়িতদের অস্বীকার করত, যুবদলে সেই সংস্কৃতি নেই। সংগঠনের কেউ বিপথে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বহিষ্কৃত নেতাকর্মীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে তাদের পেছনে কারা মদদ দিচ্ছে, তাও খুঁজে বের করা উচিত।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সাধারণ ও মানবিক জীবনযাপনের শিক্ষা দিচ্ছেন। তিনি নিজেই সাধারণ জীবনযাপনের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং চান এমন একটি বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে দলমত নির্বিশেষে সব নাগরিক সমান নিরাপত্তা ও মর্যাদা পাবে।
সাংবাদিকদের উদ্দেশে মুন্না বলেন, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য প্রয়োজনীয়। তবে কোনো সংবাদ প্রকাশের আগে যেন যথাযথ তথ্য-প্রমাণ যাচাই করা হয়, যাতে কেউ অপপ্রচারের শিকার না হন। তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।