নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, ঘোষিত লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা দ্বিগুণ শক্তিতে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
তিনি আরও জানান, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আরও তিনটি লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন বিষয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস, বিদ্যুৎসহ নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম ছাত্রদলের সমালোচনা করে অভিযোগ করেন, সংগঠনটি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের হল দখলের চেষ্টা করছে।