জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু। ভবিষ্যতে পথ হারিয়ে ফেললে আমরা আবার এখান থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু করব।’বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ড. ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দিতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের তরুণরাই এই ইতিহাসের প্রকৃত ধারক ও বাহক হবে এবং নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।তিনি আরও বলেন, ‘দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়। তাদের হাত ধরেই আমরা নতুন বাংলাদেশ নির্মাণের পথে এগিয়ে যাব।’অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, এই জাদুঘর শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও কাজ করবে।