রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২ (৬) বিধি অনুযায়ী নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা হিসেবে মির্জা রুহুল আমিনের নাম এবং ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও পৌরসভার কালিবাড়ী গ্রামের ঠিকানা উল্লেখ করা হয়েছে।

প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এ নির্বাচনের ভোটার হলেও প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারছেন না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। কারণ, তিনি জাতীয় সংসদের সদস্য নন।অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নিজের প্রার্থিতার পক্ষে নিজেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় রাখা হয়েছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ায় ওই আসনটি বর্তমানে শূন্য রয়েছে।সংসদের সাধারণ আসনগুলোর মধ্যে বিএনপির ২১১ জন, জামায়াতে ইসলামীর ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন, অন্যান্য দলের সাতজন এবং স্বতন্ত্র সাতজন সংসদ সদস্য রয়েছেন। সংরক্ষিত নারী আসনে বিএনপি ও সমমনা দলগুলোর ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১৩ জন এবং একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।এই হিসাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থীর পক্ষেই রয়েছে।গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে সংসদ সদস্য না হওয়ায় ভোটার তালিকায় অলি আহমদের নাম নেই। ফলে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের পক্ষে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।

প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

গ্রামে একক মেয়র প্রার্থী রাখতে ভোটের আগেই ভোট

নির্বাচনের তফশিল ঘোষণার পর নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়াই প্রচলিত নিয়ম। তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেখা গেছে ভিন্ন চিত্র। পৌরসভা নির্বাচনের আগেই নিজেদের পছন্দের মেয়র প্রার্থী বাছাই করতে ভোট দিচ্ছেন একটি গ্রামের বাসিন্দারা। এ ভোটকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়েছে এ ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ নির্বাচন স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে ‘ভোটের আগে ভোট’ হিসেবে। জানা গেছে, আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে দেবগ্রাম থেকে একাধিক ব্যক্তি মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্য থেকে একজনকে বাছাই করে গ্রামের সমর্থিত একক প্রার্থী হিসেবে দাঁড় করাতেই এ নির্বাচনের আয়োজন করা হয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থীকে পরবর্তী পৌরসভা নির্বাচনে দেবগ্রামের একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হবে। দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনের ব্যানারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন—আখাউড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ (ফুটবল), শেখ মো. আমজাদ হোসেন বাবু (মোরগ) এবং বেলজিয়ামপ্রবাসী রুহুল আমিন খান সুমন (ছাতা)। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আখাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেবগ্রাম এবং ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার-বাগানবাড়ি এলাকার মোট ৩ হাজার ২৭০ জন পুরুষ ভোটার এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসংখ্যক নারী ভোটার থাকলেও তারা এ ভোটে অংশ নিচ্ছেন না। দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের চারটি বুথে জাতীয় বা স্থানীয় নির্বাচনের আদলেই ভোটগ্রহণ চলছে। সেখানে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের নিরাপত্তায় পুলিশও মোতায়েন রয়েছে। গ্রামবাসী জানান, চলতি বছরের শুরুতে অন্তত ছয়জন মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে মে মাস থেকে প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়। একাধিক বৈঠকের পর নির্বাচন কমিশন গঠন করে তফশিল ঘোষণা, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার জানান, কাগজে-কলমে এটি ‘দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন-২০২৬’। তবে এর মাধ্যমে মূলত গ্রামের পক্ষ থেকে একজনকে বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে তাকে মেয়র বা অন্য কোনো নির্বাচনে গ্রামের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে। তিনি বলেন, মেয়র পদে আগ্রহী ছয় প্রার্থী নিজেদের মধ্যে একমত হতে না পারায় পুরুষ ভোটারদের ভোটের মাধ্যমে একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে গ্রামবাসী একটি বড় কমিটি গঠন করে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ করেন। প্রার্থীদের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা করে জামানত ও আমানত নেওয়া হয়েছে। আয়োজকদের একজন জানান, নির্বাচনের খরচ বাবদ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে, যা অফেরতযোগ্য। বাকি ৫ লাখ টাকা ফেরতযোগ্য। তবে গ্রামের নির্বাচিত প্রার্থী হওয়ার পর কেউ বিদ্রোহী প্রার্থী হলে ওই টাকা ফেরত দেওয়া হবে না। ওই অর্থ গ্রামের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। গ্রামের বাসিন্দা মো. খালেদ বলেন, আখাউড়া পৌরসভা নির্বাচনে প্রার্থী বাছাই করতেই ‘ভোটের আগে ভোটের’ ব্যবস্থা করা হয়েছে। গ্রাম থেকে একজন প্রার্থীকে মনোনয়ন দিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জয়ী করাই তাদের লক্ষ্য। সহকারী নির্বাচন কমিশনার নবী নেওয়াজ চৌধুরী বলেন, প্রার্থীরা সবাই তাদের পরিচিতজন। নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা সংঘাত হোক, সেটি তারা চাননি। তাই ভোটের আগেই ভোট আয়োজন করে একক মেয়র প্রার্থী বাছাই করা হচ্ছে। নির্বাচিত প্রার্থীকে আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে। তিনি জানান, ৭ নম্বর ওয়ার্ডের নয়াবাজার ও বাগানবাড়ি এবং ৮ নম্বর ওয়ার্ডের দেবগ্রামের ৩ হাজার ২৭০ জন পুরুষ ভোটার এ নির্বাচনে ভোট দিচ্ছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, দেবগ্রামে ‘ভোটের আগে ভোট’কে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে জন্য ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

গ্রামে একক মেয়র প্রার্থী রাখতে ভোটের আগেই ভোট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তপশিল ঘোষণা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তপশিল ঘোষণা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নামসংবলিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠায় সংসদ সচিবালয়। ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশন ভোটার তালিকা গ্রহণ করেছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করছে। উল্লেখ্য, গত ২১ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তপশিল ঘোষণা