আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়। এই দাবিনামা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশে শফিকুর রহমান বলেন, এর আগে চট্টগ্রামের লংমার্চ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরং জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।’
শফিকুর রহমান বলেন, ‘আজকে আট দফা, মনে রাখবেন-এটা ৯ দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায়ও পরিণত হতে পারে। এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।’
দাবি মেনে নিতে ব্যর্থ হলে ‘কোনো চোখ রাঙানিতে কাজ হবে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা কোনো কিছুকে পরোয়া করব না।’
জামায়াতের আমির বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি। ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।’
১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে-গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করেছিল ১১ দলীয় ঐক্য। পরে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত হয়ে দাবির সংখ্যা আটটিতে দাঁড়ায়।