জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন নীলফামারী-৪ আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। তবে পরে তার দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন ওঠে, কারণ তার বাবা বর্তমানে জীবিত রয়েছেন।
সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন এবং তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু নির্বাচনি হলফনামা অনুযায়ী, তার জন্ম ১৯৮১ সালে—যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে। এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম বর্তমানে জীবিত।
বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে এমপি আব্দুল মুনতাকিম বলেন, সংসদ অধিবেশনের সময় তিনি অসুস্থ ছিলেন এবং মাথাব্যথার কারণে ভুল বক্তব্য দিয়েছেন। তিনি জানান, তার বাবা জীবিত আছেন; মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তার দাদা ও চাচা।
এ ঘটনায় তিনি দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।