রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মিছিল চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে অংশগ্রহণকারীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।
পরে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান হাওলাদার, শামীম আরা বেবি ও শামীম হোসেন নামে তিনজনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মিছিল চলাকালে ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।