চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছরের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দায়িত্ব গ্রহণের চার মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি আরও জানান, সেশনজট কমাতে পাঠ্যসূচি শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হচ্ছে।