ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। বুধবার (৫ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই দুপুরে স্কুল থেকে ফেরার পথে স্থানীয় একটি নির্জন বাগানে গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে ওই ছাত্রীকে নিয়ে যায় কয়েকজন। সেখানে তাকে জোরপূর্বক যৌন নির্যাতনের শিকার করা হয়। অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার রাহাত (১৭), সিয়াম (১৭) এবং ইমন। এ ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর ভাই জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার বোনকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত। প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে নির্জন স্থানে নিয়ে এই ঘটনা ঘটানো হয়।
স্থানীয় এক বাসিন্দার দাবি, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর থানায় মামলা করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।