চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের পর তা আত্মসাৎ এবং অভিযুক্তকে ছেড়ে দেওয়ার ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়ায় কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাকে থানা থেকে সরিয়ে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার আদালতের এক বিচারকের গানম্যানকে ১ লাখ ইয়াবাসহ আটকের পর মামলা না করে তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ইয়াবার চালান আত্মসাতের অভিযোগ ওঠে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে।
ঘটনার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর একাধিক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সর্বশেষ তদন্ত প্রতিবেদনে ওসি আফতাব উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ঘটনার সময় বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা আফতাব উদ্দিনের নির্দেশেই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ এবং তদন্তের পর বিষয়টি সামনে আসে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।