দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকাতেই ৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।
এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০,৯৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯১,৭৮৯ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৩০৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪৯,৭৮৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার পাশাপাশি জ্বর, র্যাশ ও অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।