বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বংশাল এলাকায় মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট চানখারপুল মোড় এলাকায় মিছিল চলাকালে মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোখলেছিন বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলাতেই সাবেক দুই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।