রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এ নিয়ে প্রতিবাদ করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের মুখে আঘাত লাগে এবং রক্তপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত। তার দাবি, কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।