আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে বিভক্তি তৈরি হলেও দেশের বৃহত্তর স্বার্থে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে নিয়মিত আলোচনা ও মতবিনিময় অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, সংস্কারের স্বপ্ন বাস্তবায়নে যার যার অবস্থান থেকে জুলাই সংগঠকদের আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে।
রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই আন্দোলন ব্যর্থ হয়নি; বরং এ আন্দোলনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে। তবে সেই অর্জনকে সুসংহত করতে হলে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে যোগাযোগ, আত্মসমালোচনা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, জুলাই উদ্যাপন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাইয়ের চেতনাকেও কোনো নেতিবাচক ট্যাগিংয়ের শিকার হতে দেওয়া যাবে না। দেশের ভবিষ্যৎ গঠনে এই চেতনাকে ইতিবাচকভাবে ধারণ ও প্রচার করতে হবে।
সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই শুধু অতীতের একটি ঘটনা নয়; এটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের ভিত্তি। এছাড়া ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা এবং বিভিন্ন সংগঠনের নেতারা জুলাইয়ের চেতনাকে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।