সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘর খুলে সেখানে প্রবেশ করবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১ জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে চলছে। তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার দ্রুত কর্মসূচি ঘোষণা করবে।
এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।