সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থান করে পতিত স্বৈরাচার গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা করছে। তবে আইন অনুযায়ী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে এবং খুব শিগগিরই দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। এই চেতনার বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই চেতনা নিয়ে ব্যবসা বা রাজনৈতিক ফায়দা লোটার কোনো সুযোগ নেই। কোনো চেতনার বাণিজ্য দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনে না। তাই জুলাইয়ের চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।