টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার কারণে তার প্রাথমিক সদস্যপদসহ ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, চলমান বিশ্বকাপ ফুটবলে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় উদযাপন করতে থ্রি-পিস পরে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন খন্দকার আমিনুর ইসলাম মিন্টু। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।"
এ বিষয়ে বক্তব্য জানতে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।