জামালপুরে নাশকতার মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।
তিনি জানান, চলতি বছরের ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে আটক করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় নূর মোহাম্মদকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার প্রদর্শন) দেখানোর আবেদন করে পুলিশ। আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
আদালতের আদেশ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আগামী ১৪ জুলাই তার জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হবে।