গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যানের চাপায় স্বামী, স্ত্রী ও তাদের ৯ মাস বয়সী সন্তান নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নুর। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেড-এর মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন রাকিব ও বিথী। এ সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু হয়।
গুরুতর আহত রাকিব হাসান ও তাদের শিশু সন্তান নুরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তে পুলিশ কাজ করছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।