বগুড়ায় চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনে ছেলের অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য এবং শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
ফারুক হোসেনের দাবি, কোনো কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন।
জানা গেছে, তার ছেলে সিফাত হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বগুড়ার সাতমাথা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন তিনি। পরে ঘটনাস্থলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে বিএনপির কয়েকজন নেতা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করলেও এর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মন্তব্য করেননি।