গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চলকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে র্যাব-১৩ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী শিক্ষার্থী সুন্দরগঞ্জের একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিশির তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে এবং বিষয়টি পরিবারকে জানানো হলে বিরোধের সৃষ্টি হয়।
গত ১৭ মে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে কুড়িগ্রামের চিলমারীতে নিয়ে যায় শিশির। এ ঘটনায় ১৯ মে সুন্দরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।
মামলার পর আত্মগোপনে থাকা প্রধান আসামিকে অবশেষে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।