জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদে আমরা সবাই একসঙ্গে স্বাক্ষর করেছি। বিরোধী দল যেভাবে বলছে, আমরা এটি বাস্তবায়ন করতে চাই না—এটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের মতো কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং সে কারণে দলটি ওই প্রস্তাবে কখনোই সম্মতি দেয়নি।
সংবিধান নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, দলটি সংবিধান সংস্কার নয়, সংশোধনের পক্ষে। জনগণের ভোটে নির্বাচিত সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করবে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল দাবি করেন, বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের উদ্যোগ বিএনপিই নিয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, “বিরোধী দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ব্যবহার করতে চায়। আমরা চাই না, জুলাই কেবল রাজনৈতিক হাতিয়ারে পরিণত হোক।”
অনুষ্ঠানে তিনি বিভাজনের রাজনীতি পরিহার করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন, দেশের সব রাজনৈতিক শক্তির উচিত ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পরিবেশকে সুসংহত করা।