বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীতে জুলাই আন্দোলনের প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, “বিরোধী দলের কাজ বিরোধিতা করা। তাদের কোনো ইস্যু নেই। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে পতন হয়েছে। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাইয়ের চেতনা আমরা বুকে ধারণ করি এবং তা বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”
বিএনপির এই নেতা জানান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা, আহতদের চিকিৎসা ও অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “যাদের আত্মত্যাগের কারণে দেশ গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে, তাদের কাছে দেশ, জাতি ও রাজনৈতিক দলগুলো চিরঋণী।”
এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।