রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ ও নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।
রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১৮ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। একই দিনে উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়। এর মধ্যে উত্তরা পশ্চিম এলাকা থেকে ১৫ জন, তুরাগ থেকে ১১ জন এবং বংশাল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, হাজারীবাগ থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১৯ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় নিয়মিত অভিযানে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা থেকে ৮ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৬ জন, আদাবর থানা থেকে ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ১২ জনকে আটক করা হয়। তাদেরও আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।