আগামী সেপ্টেম্বর মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের ১৮তম সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে পরবর্তী সিদ্ধান্তের জন্য।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণপত্র এসেছে। আমরা সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।”
জানা গেছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ ব্রিকসের পূর্ণ সদস্য নয়, তবুও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এই আমন্ত্রণকে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণ করলে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।