রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ সময় ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৭ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশানে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা এবং ১ কেজি ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, একটি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, ২টি পুরোনো ও ছেঁড়া লাল-সবুজ চেকের বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, অভিযানের সময় দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।