গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি রাতুল শিকদার অমির বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার রাতেই রাতুল শিকদারকে বহিষ্কার করা হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে রাতুল শিকদারকে এক ব্যক্তির কাছে টাকা দাবি করতে এবং বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায়। একপর্যায়ে তিনি বলেন, “এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না” এবং “প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না”—এমন মন্তব্যও করেন।
অডিওতে তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট এলাকায় তার প্রভাব রয়েছে এবং অন্য কোনো নেতার নাম ব্যবহার করে কোনো সুবিধা পাওয়া যাবে না। এ সময় তিনি একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং দেখা করার আহ্বান জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে রাতুল শিকদার অমির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
গাজীপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর বলেন, “অডিও রেকর্ডটি আমি শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।