রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধানমন্ডি থানার এসআই এসএম আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯৯৯ নম্বরে সংবাদ পাওয়ার পর আমরা ধানমন্ডি থানাধীন রোড নম্বর-১০-এ অবস্থিত আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেকের পানিতে একজনের লাশ দেখতে পাই। এরপর স্থানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির লাশটিকে লেকের কিনারায় সিড়ির ওপর নিয়ে আসি।.
তিনি বলেন, ঘটনাস্থলে মৃত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ড ও মোবাইল নম্বর থেকে তার পরিবারের নম্বর পেয়ে, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে আসতে বলা হয়। ঘটনাস্থলে তার স্ত্রী এসে তাকে শনাক্ত করে।
মৃত ব্যক্তির ময়নাতদন্তের জন্য লাশটিকে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।