উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতি, গ্রেফতার ৫
রাজধানীর উত্তরায় ফিলিং স্টেশনের বিক্রয়লব্ধ ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও উত্তরা ক্রাইম বিভাগের যৌথ দল।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।ডিএমপি জানায়, গত ৯ আগস্ট সকালে উত্তরা পূর্ব থানার ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল করিমসহ চারজন ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে বিআরটি লেনে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল ডাকাত তাদের পথরোধ করে। অস্ত্র ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এবং আঘাত করে টাকা লুট করে পালিয়ে যায়।ঘটনার তদন্তে নেমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস শিকদার ও জাফরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া চারটি ৭.৬৫ মি.মি. পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, র্যাবের ভুয়া পরিচয়পত্র ও পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট এবং একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারদের ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।