শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
ফ্রিজের পেছনে মাটি জমিয়েছিল ইঁদুর, সরাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ফ্রিজের পেছনে মাটি জমিয়েছিল ইঁদুর, সরাতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নরোত্তম মৃধা ওই গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নরোত্তম নিজ ঘরের ফ্রিজের পেছনে জমে থাকা ইঁদুরের তোলা মাটি পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় স্বজনদের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. শিমুল কৌশিক সাহা জানান, বেলা ১১টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট: পিরোজপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৮

পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় নাজিরপুর সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রাম থেকে নওশের হোসেনের মেয়ে কোহিনুর বেগম (৪০) এবং শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রাম থেকে অনুজ মজুমদারের স্ত্রী জুঁই মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠি ইউনিয়নের মধ্য জয়পুর এলাকা থেকে হানিফ শেখের ছেলে মো. রাসেল শেখ (৩৫), নাজিরপুর সদর ইউনিয়নের কাঠালিয়া এলাকা থেকে অহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২০), শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর এলাকা থেকে কামাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার ও আনিসুর রহমানের ছেলে সাইফুল ইসলাম এবং মাটিভাঙা ইউনিয়নের বড়ইবুনিয়া এলাকা থেকে এনামুল হকের ছেলে আনিস শেখকে (৩৩) গ্রেপ্তার করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আটজনের মধ্যে দুজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, দুজন ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মাদকসেবী, দুজন ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার হওয়া নারী, একজন নিয়মিত মামলার আসামি এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। ওসি আরও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট: পিরোজপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৮