রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
৬ মাসে ৩৩২৩ ভারতীয়কে ফেরত পাঠাল কানাডা

৬ মাসে ৩৩২৩ ভারতীয়কে ফেরত পাঠাল কানাডা

চলতি বছরের প্রথম ছয় মাসে কানাডা থেকে রেকর্ডসংখ্যক ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৭৩ জন মেক্সিকান নাগরিককে ডিপোর্ট করা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম কানাডা থেকে ডিপোর্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত।কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। অভিবাসন নীতি লঙ্ঘন এবং কানাডার সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতির কারণে ভারতীয়দের ডিপোর্টের সংখ্যা বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে মোট ৩ হাজার ৭৭৯ জন ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছিল। চলতি বছরের প্রথম ছয় মাসেই সেই সংখ্যার প্রায় ৮৮ শতাংশে পৌঁছে গেছে। বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় কানাডা থেকে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, যা অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় সর্বোচ্চ।কানাডা থেকে ভারতীয়দের ডিপোর্টের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায়ও অনেক বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। সে তুলনায় কানাডার সংখ্যা আড়াই গুণেরও বেশি।ভিসা জালিয়াতি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডায় অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যান হওয়াকে ডিপোর্টের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীর সংখ্যা কমাতে কানাডা সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতি আরও কঠোর করেছে। এর প্রভাবও ডিপোর্টের সংখ্যায় পড়ছে বলে মনে করা হচ্ছে।কানাডায় কোনো ব্যক্তিকে দেশ ছাড়ার ক্ষেত্রে সাধারণত তিন ধরনের নির্দেশ দেওয়া হয়। ‘ডিপার্চার অর্ডার’-এর ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে স্বেচ্ছায় দেশ ছাড়তে হয়। ‘এক্সক্লুশন অর্ডার’-এর মাধ্যমে এক থেকে পাঁচ বছর পর্যন্ত কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। আর ‘ডিপোর্টেশন অর্ডার’ হলে কানাডা সরকারের লিখিত অনুমতি ছাড়া পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ থাকে না।