প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৩
পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে প্রবাসীর ছেলে নাইম (২২) আহত হয়েছেন। এছাড়া তার স্ত্রী রুমা বেগম (৪০), পুত্রবধূ রেজবি (১৮) ও দুই বছরের শিশু তাসফিরকে জিম্মি করে মারধরের অভিযোগ উঠেছে।শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫ থেকে ৬ জনের একটি দল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল বলে জানান তারা।ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে প্রবাসীর পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এতে নাইম বাধা দিলে ডাকাতরা তার হাঁটুর ওপর গুলি করে বলে দাবি করা হয়েছে।এ সময় দুই বছরের শিশু তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে যায় ডাকাতরা।প্রবাসীর স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে তাদের ওপর হামলা চালায়।ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’