বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

মাগুরা জেলা কারাগারে থাকা নূর আলম মুন্সি (৫০) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নূর আলম মুন্সি মাগুরা শহরের ভিটাসাইর এলাকার মৃত মুন্সি সব্দার হোসেনের ছেলে। ২০১৯ সালের একটি মাদক মামলায় এক বছর দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে ৮ সেপ্টেম্বর থেকে তিনি মাগুরা জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার জানান, ১৩ সেপ্টেম্বর কারাগারে নূর আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। নূর আলমের মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছে তাঁর পরিবার। নিহতের ভাই মঞ্জুরুল আলম অভিযোগ করে বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর আমার ভাইকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় কারাগারে পাঠানো হয়েছিল। ১৩ সেপ্টেম্বর তিনি অসুস্থ হলেও কারা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘একজন সুস্থ মানুষ কারাগারে যাওয়ার কয়েক দিনের মধ্যে কীভাবে মারা গেলেন, তা নিয়ে আমাদের মনে তীব্র সন্দেহ রয়েছে। আমরা এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার দাবি করছি।’ বর্তমানে নূর আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু, পরিচয় মেলেনি

মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে তিনি ট্রান্সফরমারটি খুলে ফেলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু, পরিচয় মেলেনি