বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে জ্বালানি সংকটের পাশাপাশি ভয়াবহ প্রাণহানির ঝুঁকি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পরমাণু অস্ত্র হাতে পেলে ইরান তা ব্যবহার করবে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে না দিলেও দেশটির সঙ্গে বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর আশাও প্রকাশ করেছেন তিনি। রবিবার দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আপনারা কি সমস্যা দেখতে চান? শুধু জ্বালানিসংক্রান্ত সমস্যা নয়, প্রাণহানির সমস্যাও? ইরানকে পরমাণু অস্ত্র পেতে দিন, কারণ তারা এটি ব্যবহার করবে।’ হোয়াইট হাউসের সঙ্গে সংশ্লিষ্ট ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ নামের একটি অ্যাকাউন্টে ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ করা হয়। ইরানের ওপর নতুন করে হামলা চালানো হতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এমন সম্ভাবনা আছে।’ তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রেখেছেন তিনি। তেহরানের সঙ্গে ‘সুন্দর, বড় ও চমৎকার একটি চুক্তি’ হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান চুক্তিতে সম্মত হলেও সেটি যথাযথভাবে বাস্তবায়ন করবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো, তারা কি চুক্তিটি মেনে চলবে?’ ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান নীতিগত অবস্থান। হোয়াইট হাউস প্রকাশিত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র পেলে তা ‘তাৎক্ষণিকভাবে ব্যবহার করবে’। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবং সংকটের কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রসঙ্গে ‘আরেকটি ছোট্ট এপিক ফিউরি’ অভিযানের সম্ভাবনার কথাও বলেছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে সামরিক পদক্ষেপকে প্রয়োজনীয় হিসেবে তুলে ধরেছেন। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বলে আসছে, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সর্বশেষ বক্তব্যেও সেই কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করেছেন ট্রাম্প। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা বললেও তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পথ বন্ধ করেননি তিনি। ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সামরিক সংঘাতের দিকে এগোবে, নাকি কূটনৈতিক সমঝোতায় গড়াবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

দুর্বিষহ দিন কাটাচ্ছেন জো বাইডেন, ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ সময় পার করছেন। তাঁর ছোট ছেলে হান্টার বাইডেন জানিয়েছেন, বাবার ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যে রয়েছেন।সম্প্রতি বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন হান্টার বাইডেন। তিনি বলেন, জো বাইডেনের বর্তমান অবস্থা অত্যন্ত কঠিন। তাঁকে এভাবে কষ্ট পেতে দেখা পরিবারের জন্যও বেদনাদায়ক।হান্টার জানান, তাঁর বাবার ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। এ কারণে তিনি প্রচণ্ড যন্ত্রণায় রয়েছেন।২০২৫ সালের মে মাসে জো বাইডেন প্রথমবারের মতো তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকেরা তাঁর শরীরে দ্রুত ছড়িয়ে পড়া প্রোস্টেট ক্যানসার শনাক্ত করেন। তখনই ক্যানসার তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছিল বলে জানানো হয়।এর প্রায় ১০ মাস আগে, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান বাইডেন। তার আগে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার পথে এগিয়ে থাকলেও বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে দলের ভেতরে-বাইরে প্রশ্ন উঠতে শুরু করে।২০২৪ সালের ২৭ জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের পারফরম্যান্স সেই উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। বিতর্কে তাঁকে আড়ষ্ট ও দুর্বল দেখায় এবং কয়েকটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কথার খেই হারিয়ে ফেলেন।হান্টার বাইডেন জানান, তিনি ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়ি থেকে ওই বিতর্ক দেখেছিলেন। বাবাকে মঞ্চে দেখেই তাঁর মনে হয়েছিল, কিছু একটা সমস্যা হয়েছে। তাঁর ভাষায়, বাবার চোখেমুখে এমন শূন্যতা তিনি আগে কখনো দেখেননি।পরে বাইডেনের ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি সামনে আসার পর ওই বিতর্কের পারফরম্যান্স নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। হান্টারের দাবি, কয়েক মাস পর তাঁর বাবার স্টেজ-৪ প্রোস্টেট ক্যানসার এবং মেটাস্ট্যাটিক বোন ক্যানসার ধরা পড়ে।এদিকে জো বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালে তাঁর ছেলে হান্টার বাইডেনও বিভিন্ন বিতর্কে জড়িয়েছিলেন। ব্যবসায়িক কর্মকাণ্ডে বাবার রাজনৈতিক প্রভাব ব্যবহার করার অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছিলেন রিপাবলিকানরা।২০২৪ সালে মাদকাসক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে হান্টার দোষী সাব্যস্ত হন। একই বছর ফেডারেল কর ফাঁকির মামলাতেও তিনি দোষ স্বীকার করেন।এরপর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে ২০২৪ সালের ১ ডিসেম্বর জো বাইডেন তাঁর ছেলেকে পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।সাক্ষাৎকারে হান্টার নিজেও স্বীকার করেন, বাবার এই সিদ্ধান্তটি বিতর্কিত ছিল। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে তাঁর বাবার আশঙ্কা পরবর্তী সময়ে সত্য প্রমাণিত হয়েছে।জো বাইডেনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পরিবারের পক্ষ থেকে হান্টারের বক্তব্যই এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত তথ্যগুলোর একটি। ক্যানসার ছড়িয়ে পড়ায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।

দুর্বিষহ দিন কাটাচ্ছেন জো বাইডেন, ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে