শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ
Topic Ads 1
অক্সিজেন ‘না’ পেয়ে মারা গেল হাম উপসর্গের শিশু

অক্সিজেন ‘না’ পেয়ে মারা গেল হাম উপসর্গের শিশু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউ ও অক্সিজেন না পাওয়ার অভিযোগে আট মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির বাবা-মা।মৃত শিশুটির নাম আয়ান। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায়।পরিবার সূত্রে জানা গেছে, হাম উপসর্গ দেখা দেওয়ায় আয়ানকে শুক্রবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ সিট না পাওয়ায় শনিবার দুপুর ১২টার দিকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়।শিশুটির বাবা মোরশেদ আলমের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর আয়ানের অক্সিজেন প্রয়োজনের কথা জানানো হয়। আইসিইউতে নেওয়ার অনুরোধ করলেও তাকে জরুরি বিভাগে প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। পরে আইসিইউতে নেওয়ার সময় চিকিৎসকেরা জানান, শিশুটি আর বেঁচে নেই।সন্তান মারা যাওয়ার পর আইসিইউতে নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে মোরশেদ আলম বলেন, রোগী মারা যাওয়ার পর কীভাবে আইসিইউতে শয্যা খালি হলো—এ বিষয়টি তিনি বুঝতে পারছেন না।তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না। জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখার পর একটি শয্যা খালি হলে শিশুটিকে সেখানে নেওয়া হয়। তখনই তার মৃত্যু হয়।শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, কোনো রোগীর আইসিইউ প্রয়োজন হলে সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে পরিবারটি আইসিইউতে শয্যা খালি আছে কি না নিশ্চিত না হয়েই শিশুটিকে নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে আনার সময় আইসিইউতে কোনো শয্যা খালি ছিল না।তিনি বলেন, পরে একটি শয্যা খালি হলে শিশুটিকে আইসিইউতে নেওয়া হয়। তবে তখন শিশুটির মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশেষায়িত এ হাসপাতালের আইসিইউতে মোট ১৪টি শয্যা রয়েছে। শনিবার সেখানে কোনো শয্যাই খালি ছিল না। একই দিনে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ৯০ জন শিশু ভর্তি ছিল।