চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচন আয়োজনের সময়সূচি ও ধাপ নির্ধারণ করা হবে বাজেটের প্রাপ্যতা ও প্রয়োজনীয় প্রস্তুতির ভিত্তিতে।
তিনি জানান, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে।
মন্ত্রী আরও বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী কার্যক্রম নতুন গতি পাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।