নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক ছিলেন এবং নওগাঁ শহরের চকরামচন্দ্র এলাকার বাসিন্দা।
স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভাইয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। এশার নামাজের পর তিনি আত্রাই থেকে নওগাঁ শহরে ফেরার পথে ছিলেন। পরিবারের ধারণা, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।
এদিকে, সান্তাহার রেলওয়ে থানার ওসি (জিআরপি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।